প্রতিদিনের ডেস্ক
অডিও স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে বর্তমানে স্পটিফাই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। মিউজিক, পডকাস্ট, অডিও বুকসহ বিভিন্ন অডিও কনটেন্ট অডিও স্ট্রিমিং প্লাটফর্মে পাওয়া যায়। সম্প্রতি স্পটিফাই যুক্তরাজ্যে ভিডিও লার্নিং কোর্স ফিচার চালু করেছে। এখন থেকে মিউজিক, পডকাস্ট ও অডিও বুকের পাশাপাশি নতুন এ ফিচারটির সুবিধা নিতে পারবেন স্পটিফাই গ্রাহকরা। খবর এনগ্যাজেট।
ভিডিও লার্নিং কোর্স তৈরিতে স্পটিফাই বিবিসি মায়েস্ত্রো, প্লেভার্চুওসো, থিংকফিক ল্যাবস ইনকরপোরেটেড এবং স্কিলশেয়ারের মতো কনটেন্ট পার্টনারদের সঙ্গে জোট বেঁধেছে। ব্যক্তিত্ব উন্নয়নে গ্রাহকরা ভিডিও লার্নিং কোর্সে চার ধরনের কনটেন্ট পাবে। যার মাধ্যমে মিউজিক তৈরি করা, ক্রিয়েটিভ বা সৃজনশীল হিসেবে নিজেকে গড়ে তোলা, ব্যবসা শেখা এবং স্বাস্থ্যকর জীবনযাপন বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবে।
প্লাটফর্মটি আরো জানায়, এ নতুন কোর্সের মাধ্যমে স্পটিফাই নতুন কিছু তৈরি করার চেষ্টা করছে। যার মাধ্যমে শিক্ষামূলক কনটেন্ট ক্রিয়েটররা সহজেই নতুন গ্রাহককে খুঁজে পায়।

