রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ব্র্যাকের কিস্তির টাকা না পেয়ে রবিউল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ গ্রাহককে গালিগালাচ ও মারপিট করেছে ব্র্যাকের এক কর্মী। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে ওই বৃদ্ধ কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ’র স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, গত রবিবার দুপুরে ব্র্যাক লোহাগড়া ব্রাঞ্চের ম্যানেজার জামিরুল রহমান ও মাঠ কর্মী সেলিম হোসেন ব্র্যাক সদস্য পার-মল্লিকপুর গ্রামের রবিউল ইসলামকে লোহাগড়ার মশাগুনি এলাকায় ব্রাক অফিসে কিস্তির টাকার জন্য ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর সেলিম ঋণ গ্রহীতা রবিউলের কাছে কিস্তির টাকার জন্য চাপ দিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে থাকে। এক পর্যায়ে ব্র্যাক কর্মী সেলিম রবিউল ইসলামের মুখে চড়-ধাপ্পড় মেরে বলে, টাকা দিতে না পারলে বিষ কিনে খাও, মরে গেলে আর কিস্তির টাকা দেওয়া লাগবে না।মারপিট খেয়ে রবিউল বাড়িতে যেয়ে অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে-দু:খে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সোমবার বিকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে রবিউলের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ব্র্যাক লোহাগড়া শাখার ম্যানেজার জামিরুল রহমান ও মাঠ কর্মী সেলিমের নামে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার সকালে ব্র্যাক অফিসে গিয়ে ম্যানেজার জামিরুল রহমান ও মাঠ কর্মী সেলিমকে পাওয়া যায় নাই। ম্যানেজারের মোবাইল (০১৭৩০৩৪৬৭১৭) ফোন দিলে রিসিভ করেননি। নড়াইল জেলা ব্রাকের সমন্বয়কারী জাহিদুল ইসলাম বলেন, বিষটি তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

