১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান

প্রতিদিনের ডেস্ক
ইরানকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে তুরস্ক। রবিবার (১৪ এপ্রিল) ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিককে ফিদান বলেছেন, আঙ্কারা চায় না মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা ছড়াক। সিরিয়ার ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এই আহ্বান জানালেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সমাপ্ত হয়েছে। তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি আরও বলেছেন ইরান হামলার শিকার না হলে আর আক্রমণ করবে না। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া শুরু করে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এটিই ইরানের প্রথম কোনও সরাসরি হামলা। ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করেছে তারা ও মিত্র বাহিনী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়