প্রতিদিনের ডেস্ক:
শুরু হয়েছে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বমর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’। আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দু’দিন আগেই মস্কো পৌঁছেছেন আসিফ এবং অর্চি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় তারা হাঁটেন উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ইভেন্ট রেড কার্পেটে। এ সময় অর্চির পরনে ছিল শাড়ি ও পরিচালক আসিফ ইসলামের পরনে ছিল কালো স্যুট-প্যান্ট। লাল গালিচায় তারা দর্শনার্থী ও সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হন। আসিফ ইসলাম জানান, এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে এত বড় উৎসবে নিয়ে যেতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমাদের সিনেমা এত বড় বড় দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটা আনন্দের। এদিকে লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা জানিয়ে অর্চি বলেন, শাড়ি পরার কারণে সবার নজরে ছিলাম! অনেকেই এসে কথা বলছিল, প্রশংসা করছিল। এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত আমি। উল্লেখ্য, এই উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও থাকছে রাশিয়া, জার্মানি, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরও ১০টি সিনেমা।

