প্রতিদিনের ডেস্ক॥
মাতৃত্বকালীন দুই মাসের বিরতি নিয়ে ফের গানে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। কন্যাসন্তান ইয়াশার জন্ম হয় যুক্তরাষ্ট্রে। ক’দিন আগেই এ গায়িকা দেশে ফিরেছেন স্বামী-সন্তানসহ। আর দেশে ফিরেই নিয়মিত অংশ নিচ্ছেন ঈদের অনুষ্ঠানে। এমনকি নতুন গান নিয়েও ঈদে হাজির হবেন বলে জানালেন তিনি। এরইমধ্যে আরটিভি, বাংলাভিশনসহ বেশ কয়েকটি চ্যানেলের অনষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন লিজা। বিরতির পর এই ফেরাটা কেমন লাগছে? লিজা বলেন, ভালো লাগছে। সরব থাকাটা আমার পছন্দের। আবার সরব হচ্ছি ধীরে ধীরে। এর আগে এতটা দীর্ঘ সময় কখনো কাজ ছাড়া থাকা হয়নি।
তা ছাড়া মা হওয়ার অনুভূতিটা অন্যরকম। এমন অনুভূতি নিয়েই কাজ শুরু করেছি। ইয়াশাকে সামলে যতটা সময় পাচ্ছি সেটা টিভি অনুষ্ঠান কিংবা গানে দিচ্ছি। ঈদের পর পুরোদমে কাজ শুরু করবো ভাবছি। এদিকে ঈদে প্রকাশ পেতে যাচ্ছে লিজার নতুন গান। নিজের ইউটিউব চ্যানেলে লিজা নিয়মিতই গান প্রকাশ করে থাকেন। এবারের ঈদেও শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান নিয়ে আসছেন এ গায়িকা। গানের শিরোনাম ‘তুমি এলে’। লিখেছেন নুরুল ইসলাম মানিক। সুর করেছেন ফয়সাল আহমেদ। সংগীতায়োজনে মীর মাসুম। এ গানটি রোমান্টিক ঘরানার। সব মিলিয়ে আমার বিশ্বাস ভালো লাগবে গানটি। এদিকে আপাতত স্টেজে ফিরছেন না লিজা। আরও খানিক সময় নিয়ে স্টেজ প্রোগ্রাম শুরু করবেন বলে জানালেন। লিজা বলেন, এখন থেকে নিয়মিত গান করবো। রেকর্ডিং শুরু করছি। স্টেজেও গাইবো দ্রুত। তবে আর কিছু সময় বাদে।

