প্রতিদিনের ডেস্ক॥
এতদিন শুধু সিনেমার পর্দায় বিশেষ পোশাক পরে নায়ক-খলনায়কদের অদৃশ্য হতে দেখা গেছে। কিন্তু এখন থেকে সিনেমায় নয়, বাস্তবেও অদৃশ্য হতে পারবে মানুষ! না, একবিন্দুও মিথ্যে নয়, সত্যিই অদৃশ্য হওয়ার অসম্ভব ক্ষমতাকে সম্ভব করেছেন বিজ্ঞানীরা। পরিবেশের ছদ্মবেশে অদৃশ্য হওয়ার এই কাপড়টি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা। বিজ্ঞানীরা এমন ধরনের কাপড় তৈরি করতে সক্ষম হয়েছেন যেটি মানুষকে মূলত ছদ্মবেশে অদৃশ্য করে রাখবে। ছদ্মবেশে অদৃশ্য হওয়ার এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতিমধ্যে সফলও হয়েছে বিট্রিশ সেনাবাহিনী।নতুন আবিষ্কৃত এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল, যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দিতে এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রঙ পরিবর্তন করতে সক্ষম। রঙ চিহ্নিত করার পর একটি ইলেকট্রিক সিগন্যালিং সঞ্চারিত হয় এই কাপড়ে। কাপড়ের একবারে ওপরের স্তরটি হিট-সেনসিটিভ ডাই প্রযুক্তিতে তৈরি। যা রঙ বদলে আশপাশের পরিবেশের রঙ ধারণ করতে পারে। তাই এই কাপড় গায়ে জড়িয়ে কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে, একটু সময় পরেই সেখানকার পরিবেশ অনুযায়ী রঙ বদলে ফেলবে কাপড়টি। ফলে বেশ খানিকটা দূরত্ব থেকে কারো পক্ষে বোঝা দায় হবে যে সেখানে কেউ রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়- যদি কেউ এই কাপড় পরে পাহাড়ে অবস্থান করে, তাহলে তার কাপড়টি স্বয়ংক্রিয়ভাবে পাহাড়ের রঙ ধারণ করবে। অর্থাৎ যে কোনো পরিবেশের রঙের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কাপড়টির রঙ বদলে যাবে। শুধু তাই নয়, আরো আজব ব্যাপার হচ্ছে, শক্র পক্ষের ইনফ্রা-রেড ট্রাকার বা তাপ সচেষ্ট গ্যাজেটের মাধ্যমেও তা শনাক্ত করা সম্ভব হবে না। এ প্রসঙ্গে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ঝাননি ঝাও বলেন, ‘ছদ্মবেশে অদৃশ্য হওয়ার সামরিক এই আবরণ উদ্ভাবনে আমরা খুবই সন্তুষ্ট। সামরিক বাহিনীতে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এ ধরনের প্রযুক্তির গবেষণায়, কিন্তু সেগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ বুঝে রঙ ধারণ করতে পারে না। আমাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির কাপড় সৈন্য এবং সামরিক যানবাহনেও সফলভাবে ব্যবহার করা যাবে।

