হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
ছাত্র-জনতার ওপর গুলি এবং গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে যশোর জেলার শার্শা উপজেলা বিএনপির দুই দিনের অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে। বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপি আয়োজনে বুধবার (১৪ আগস্ট) ও বৃহস্পতিবার দুই দিনের অবস্থান কর্মসূচি চলবে। এ সময় তারা বাগআঁচড়ার এবং কায়বাই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারিয়ার হোসেন মুকুলের সঞ্চালনায় বক্তব্য দেন বাগআঁচড়া বিএনপির যুগ্ম আহবায়ক জামালউদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, মোনায়েম হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সদস্য ওলিয়ার রহমান, মোসলেম আলি ও কৃষকদলের বাবলুসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, কেন্দ্রিয় বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা অনুযায়ী সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে। এদিকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে সকাল থেকেই তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাগআঁচড়া ও কায়বার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাগআঁচড়া বাজারের জিরো পয়েন্টে সমবেত হন। এসময় শার্শা থানা যুবদলের যুগ্ম আহবায়ক কবির হোসেন বলেন, ‘ শার্শা থানার এখনো বিভিন্ন মহল্লায় সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে থানা যুবদলের পক্ষ থেকে সাত ঘণ্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে শার্শা উপজেলা থেকে এসব সন্ত্রাসীকে বিতাড়িত করা না হলে এর জবাব বিএনপির নেতাকর্মীরা দেবেন।’

