প্রতিদিনের ডেস্ক॥
ওয়াশিংটনের মস্কোবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও সামরিক শিল্প সংস্থার প্রধানসহ ৯২ মার্কিন নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আওতায়পড়া ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই তথ্য প্রকাশ করা হয়ছে।
এতে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নাল, ৫ জন নিউইয়র্ক টাইমস এবং ৪ জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আছেন। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তথাকথিত স্বাধীনতা ও মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের দরকার নেই।’
বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের যেকোনো আগ্রাসী প্রচেষ্টা বিনা শাস্তিতে ছেড়ে দেয়া হবে না। প্রত্যেকটির প্রতিক্রিয়া জানানো হবে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে নেমে গেছে। ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।রাশিয়ায় ১৬ মাস কারাবাস শেষে চলতি মাসে ছাড়া পেয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের জ্যেষ্ঠ সাংবাদিক ইভান গেরশোভিচ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকাকে ‘হাস্যকর’ উল্লেখ করে এক বিবৃতিতে গেরশোভিচ বলেন, ‘ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতাবিরোধী। বছরের পর বছর ধরে তারা সত্য প্রকাশকারীদের ওপর হামলা চালিয়ে আসছে। এ পদক্ষেপটিও সেই হামলারই অংশ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকা হাস্যকর এবং আমরা এতে অবাক হইনি।’ রাশিয়ার এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের একজন মুখপাত্র বলেছেন, পুতিন সরকার মুক্ত গণমাধ্যম ও সত্যের ওপর সর্বাত্মক আক্রমণের শামিল। এই হাস্যকর তালিকাটিও এর ব্যতিক্রম নয়। নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তালিকায় বেশকিছু রাষ্ট্রীয় প্রসিকিউটর, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও রয়েছেন।
সূত্র : মস্কো টাইমস, দ্য হিন্দু

