ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে যৌথবাহিনী অভিযানে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ -১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে । উল্লেখ্য গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ে করা হয়।

