২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি!

প্রতিদিনের ডেস্ক॥
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছড়াছড়ি দেখা গেছে। ছড়িয়ে থাকা বান্ডিলে বান্ডিলে টাকার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের অসংখ্য বান্ডিল পড়ে আছে বিছানায়। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্যগুলো দেখছেন।
ধারণা করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দিত করতে বান্ডিলে বান্ডিলে টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে। এসময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ছবিটি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালানোর পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে ৮ যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ ছেলে সন্তানের জন্ম হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়