প্রতিদিনের ডেস্ক:
ইসরায়েলে হামাসের হামলার একবছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে জাতিসংঘে সোমবার (৭ অক্টোবর) এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে গাজায় জিম্মি বন্দিদের উদ্ধার হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে অনুষ্ঠানে। এছাড়া বিশ্বনেতাদের বিরুদ্ধে হামাসের ‘গণহত্যার’ নিন্দা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।নিরাপত্তা পরিষদের সমালোচনা করে জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন বলেছেন, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে পারেনি জাতিসংঘ। তাদের মৌলিক ম্যান্ডেট কার্যকর করতে সংস্থাটি ব্যর্থ হয়েছে।’২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি অনুযায়ী, ওই হামলায় অন্তত ১ হাজার ২শ নাগরিক নিহত ও ২৫০ জন জিম্মি হয়েছিলেন। গাজায় হামাসের কাছে এখনও শতাধিক ব্যক্তি জিম্মি রয়েছেন।এই হামলার জবাবে ফিলিস্তিনে অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। একবছরের সংঘর্ষে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, ‘নিরাপত্তা পরিষদের ভেতরে ও বাইরে অনেকে হামাসের নৃশংসতার নিন্দা করতে ব্যর্থ হয়েছেন।’তিনি আরও বলেছেন, “হামাসের কার্যকলাপের ওপর ভর করে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছেন অনেকে। যেমন হুথি ও হিজবুল্লাহর মতো ‘সন্ত্রাসী সংগঠন’গুলো। এখন পুরো মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।”

