খুবি সংবাদদাতা॥
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর ‘টাউন হল’ রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বেলা ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম। অনলাইনে যুক্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ইনোভেশন হাবের প্রকল্প পরিচালক আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান। এ ছাড়া অনলাইনে যুক্ত থেকে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম সম্পর্কে ব্রিফ করেন ইনোভেশন এন্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহানিয়া রহমান ও প্রোগ্রাম অফিসার নাদিম রাজ্জাক রম্য। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের অরগানাইজিং পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব।
