প্রতিদিনের ডেস্ক॥
চলতি বছরের জানুয়ারিতে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমি’র ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়ান চিত্রনায়িকা আঁচল। গানটি প্রকাশ্যে আসতেই দর্শক লুফে নেয়। ১০ মাসে গানটির ভিউ ২০ মিলিয়ন। এরপর এই জুটিকে আরও বেশকিছু গান-ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে এসে আবারো সৈয়দ অমি’র গানে মডেল হয়েছেন আঁচল। গানের শিরোনাম ‘দুই চাক্কার সাইকেল’। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমি’র সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এ এন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল। মালয়েশিয়া এবং সিলেটের মনোরম লোকেশনে গানটির চিত্র ধারণ হয়েছে। সম্প্রতি সৈয়দ অমি’র ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে আঁচল বলেন, বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। চিন্তা করছিলাম বছর শেষে ভক্তদের জন্য ভিন্ন কিছু উপহার দেই। সেই ভাবনা থেকে ব্যতিক্রম ঘরানার একটি গান ‘দুই চাক্কার সাইকেল’। গানটি প্রকাশ্যে আসতে না আসতেই দর্শকদের প্রচুর সাড়া ও সাপোর্ট পাচ্ছি। সৈয়দ অমি বলেন, দর্শক-শ্রোতাদের নতুন কিছু দেয়ার চেষ্টা থেকেই এই গানটি নির্মিত হয়েছে। এরইমধ্যে গানটি শ্রোতারা পছন্দ করেছেন। তাদের ভালোবাসায় আমরা মুগ্ধ।

