রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করা আসামি বিল্লালকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার অন্তগত কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নড়াইল সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আসামী বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ২৪ শে নভেম্বর নড়াইল সদরের গোবরা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখ (৫০)কে হাতকড়া পরা অবস্থায় থানায় নেয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির ছেলে জুয়েল শেখ, ভাইপো শাকিল শেখ। এসময় প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনতাই করে নিয়ে যায় বিল্লালকে।বিল্লাল সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।সে একটি হত্যা মামলাসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

