২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা

প্রতিদিনের ডেস্ক॥
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন। গুঞ্জন ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফেরার। তবে গতকাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে আর খেলা হচ্ছে না তার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। অবশ্য তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চেয়েছিলেন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট। তবে তামিম আর না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই ওপেনারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে নির্বাচকদের। তামিমের সিদ্ধান্ত জানার পর এবার সাকিব আল হাসানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত করে রেখেছেন নির্বাচকরা। তবে বিসিবির একজন নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এখনো নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। এ সিদ্ধান্ত আসবে বোর্ড থেকে। বিসিবির সেই নির্বাচক বলেন, ‘সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।’ এমনকি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী কিনা সেটাও এখনো জানেন না সেই নির্বাচক। তিনি বলছিলেন, ‘সবকিছুর আগে জানতে হবে যে, সাকিবকে এই সময়ে পাওয়া যাচ্ছে কিনা। সেটাই তো জানি না। নেওয়া, না নেওয়া বা সাকিব খেলা, না খেলা এগুলোর আগে জানতে হবে পাওয়া যাবে কিনা। আমরা আসলে ওইটার জন্য অপেক্ষা করছি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়