প্রতিদিনের ডেস্ক
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ডিভাইসকে সুরক্ষিত রাখতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়ানপ্লাস। উদ্যোগের অংশ হিসেবে কোম্পানিটি অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্সের (এডিএ) সঙ্গে চুক্তি করেছে। খবর গিজমোচায়না।
২০১৯ সালের নভেম্বরে দি অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স গঠন করে গুগল, ইসেট, লুকআউট ও জিমপেরিয়াম। মূলত গুগল প্লে স্টোরের নিরাপত্তার ওপর জোর দেয়ার জন্য এ অ্যালায়েন্স গঠন করা হয়। স্টোরে কোনো অ্যাপ প্রকাশের আগে অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স সেটি স্ক্যান করে। প্রযুক্তিবিদদের মতে, ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর অ্যাপ প্রবেশ করা থেকে সুরক্ষা নিশ্চিতে কোম্পানিগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।
ব্যবহারকারীদের জন্য প্রথম থেকেই বিভিন্ন পণ্যে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির সবশেষ বাজারজাত করা ডিভাইস ওয়ানপ্লাস ১২ এ অক্সিজেনওএস১৪ ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ডিভাইস সিকিউরিটি ইঞ্জিন ৩.০, স্ট্রং বক্স, অটো পিক্সেলেট ও ফটো পারমিশন ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার রয়েছে বলে সূত্রে জানা গেছে। এছাড়া ক্ষতিকর ও ম্যালিসিয়াস অ্যাপ শনাক্তে ওয়ানপ্লাসের ইন্টেলিজেন্ট শিল্ড প্রোগ্রামও কার্যকর রয়েছে।
ওয়ানপ্লাসের প্রধান কিন্ডার লিউ জানান, ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এডিএর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে কোম্পানিটি অনলাইনে বিদ্যমান বিপদ থেকে অ্যাপ সুরক্ষিত রাখতে কাজ করবে।

