প্রতিদিনের ডেস্ক
কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য ৮ টি এলাকায় এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৭০০ বাড়ি, বহু সেতু ও স্কুলসহ প্রায় ১১৩ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। একাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারী নিয়োগ করা হয়েছে। ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল, তারা কাছের মসজিদে জড়ো হয়েছে। কিন্তু তাদের জন্য কোনও অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদেরকে খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার অনেকে বাড়িও ফিরে গেছেন। পাডাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) জুড়ে ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। সেখানকার অধিকাংশ এলাকা এখনো বন্যাকবলিত।

