প্রতিদিনের ডেস্ক
বর্তমানে বাজারে দুই ধরনের চিপসেটসহ স্মার্টফোন বাজারজাত করে থাকে স্যামসাং। এবার ট্যাবলেট ডিভাইসেও একই পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না। সম্প্রতি বাজারে গ্যালাক্সি ট্যাব টেন সিরিজ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এর মাধ্যমে কোম্পানিটি দুই চিপ ব্যবহার শুরু করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ফ্ল্যাগশিপ ট্যাবলেট ও ফোল্ডেবল ডিভাইসে স্যামসাং স্ন্যাপড্রাগনের সিস্টেম অন চিপস (এসওসি) ব্যবহার করে থাকে। তবে নতুন ট্যাবলেটের কোন মডেলে এক্সিনোস আর কোনটায় স্ন্যাপড্রাগন ব্যবহার করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিবিশারদদের মতে, যদি কোম্পানিটি গ্যালাক্সি এস২৪ সিরিজকে অনুসরণ করে তাহলে বেজ ভার্সন ট্যাব এস১০ ও এস১০প্লাসে কোম্পানির নিজস্ব এক্সিনোস২৪০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে।
অন্যদিকে গ্যালাক্সি ট্যাব এস১০ আল্ট্রায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ব্যবহার করা হতে পারে। নতুন ট্যাবলেট সিরিজে অঞ্চলভেদে ভিন্ন চিপসেট ব্যবহারের বিষয়টিও চালু করতে পারে স্যামসাং। সে হিসেবে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের বাজারে স্ন্যাপড্রাগন চিপসেটযুক্ত ডিভাইস বাজারজাত করা হবে।
প্রযুক্তিবিদদের মতে, স্যামসাং যদি নিজস্ব এক্সিনোস চিপ ব্যবহার করে তাহলে সেটি খরচ কমাবে। কেননা কোম্পানিটি গত বছর মোবাইল প্রসেসরের জন্য ৮৮৭ কোটি ডলার ব্যয় করেছে। সে হিসেবে এক্সিনোসের ব্যবহার এ ব্যয় উল্লেখযোগ্য হারে কমাবে।

