৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক নিজেই আটক

রেজাউল করিম, লোহাগড়া
গ্রাম্য দলাদলির জের ধরে লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের লিচু কাজীকে ৫শত পিস ইয়াবা পকেটে দিয়ে ফাঁসাতে যেয়ে জিয়া চৌধুরী নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। জিয়া চৌধুরী উপজেলার দক্ষিণ লংকারচর গ্রামের আজগর চৌধুরীর ছেলে। অপর দিকে লিচু কাজী পার্শ্ববর্তী পাংখারচর গ্রামের ছোরাব কাজীর ছেলে
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার লিচু কাজী চরদৌলতপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে দিনু মোল্যার দোকানের সামনে পৌঁছালে পার্শ্ববর্তী দক্ষিন রংকারচর গ্রামের আজগর চৌধুরীর ছেলে জিয়া চৌধুরী তাকে ভ্যান থেকে ডেকে নিয়ে ওই দোকানের সামনে বসায়। কথাবার্তার এক পর্যায়ে জিয়া চৌধুরী তার পাশে বসে পাঞ্জাবির পকেটে ৫শত পিস ইয়াবা ঢুকিয়ে দেয়। এ সময় দুই জনের ধস্তাধস্তির এক পর্যায়ে সেখানে পুলিশ এসে পড়ে। পুলিশ লিচু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ ওই ভ্যানচালক ও স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিশ্চিত হয় কথিত ইয়াবার সাথে লিচু কাজীর সম্পৃক্ততা নেই। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়াকে আটক করে এবং লিচু কাজীকে ছেড়ে দেয়। রাতে থানা হেফাজত থেকে বেরিয়ে লিচু কাজী জানায়, গ্রাম্য দলাদলির জের ধরে সুপরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা জিয়ার মাধ্যমে ইয়াবা দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, লিচু কাজীকে ছেড়ে দেয়া হয়েছে এবং জিয়া চৌধুরী নামের মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়