পতনের বাজারে দাপট দেখালো পচা মেঘনা পেট

প্রতিদিনের ডেস্ক:
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮৭ শতাংশ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এমনকি পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে লোকসানে নিমজ্জিত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪ কোটি টাকার বেশি।গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ কবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে বছরের পর বছর ধরে কোম্পানিটি লোকসানে নিমজ্জিত রয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দিতে পারে না। এতে শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির তালিকায় স্থান হয়েছে প্রতিষ্ঠানটির।কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম ছয় মাসে (২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। এর আগে ২০২২-২৩ হিসাবে বছরে শেয়ারপ্রতি ৩১ পয়সা লোকসান হয়। এছাড়া ২০২১-২২ হিসাব বছরে ৩১ পয়সা, ২০২০-২১ হিসাব বছরে ৩৩ পয়সা, ২০১৯-২০ হিসাব বছরে ৩০ পয়সা, ২০১৮-১৯ হিসাব বছরে ৩২ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়।২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ। এর মধ্যে ৪৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ৯৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ার আছে।মেঘনা পেটের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। ৭ দশমিক ৬৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ দশমিক ৬৪ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ১৪ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪ দশমিক ১৯ শতাংশ, আইসিবি সোনালী এএমসিএল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ৮৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৬ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ১৯ শতাংশ দাম বেড়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়