১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে সরকারি চাল জব্দ

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের আত্মীয় সেলিম উদ্দীনের বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। ওই ঘটনায় সরকারি চাল রাখার অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মার্চ) সকালে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের পেছনে বারোয়ানিতলা এলাকায় অভিযান চালায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত সেলিম সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের দূর সম্পর্কের ভগ্নিপতি ও বারোয়ারিতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
শামীম ভূঁইয়া বলেন, সেলিম উদ্দীনের বাড়িতে সরকারি চাল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পূর্বপাশের ঘরের ভেতর লুকানো ১৭ বস্তা সরকারি ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবির) চাল উদ্ধার করা হয়। তিনি কার্ডধারীদের কাছ থেকে ভিডব্লিউবির চাল ক্রয় করে বাড়িতে রাখার অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেলিম জরিমানার টাকা পরিশোধ করেছে।
অভিযুক্ত সেলিমউদ্দীন বলেন, এ চাল আবাদের হাটের গরুর খাটালের পাশ থেকে কার্ডধারীদের কাছ থেকে আমি ক্রয় করেছি। আমি জানতাম না এসব কেনা অন্যায়। যদি জানতাম, তাহলে এ কাজ করতাম না। আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, গোডাউন থেকে চাল এনে কার্ডধারীদের তালিকায় টিপসহ নিয়ে চাল বিতরণ করা হয়েছে। এ কাজে কোনো অনিয়ম করা হয়নি। বিতরণের পর সেই চাল সেলিমের বাড়িতে কীভাবে আসল তা আমি বলতে পারব না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়