রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় চর-কোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রীল থেকে বৃহস্পতিবার সকালে সাগর শেখ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাগর উপজেলার চর কোটাকোল গ্রামের কবির শেখের ছেলে। সে জাহাজে চাকুরি করত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের সাগর শেখের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে। বুধবার রাতে সাগরের সাথে দ্বিতীয় স্ত্রীর কথা কাটাকাটিহয়। এক পর্যায়ে সাগর বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ির লোকজন রাতে তাকে অনেক খোঁজাখুজি করে সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে চর-কোটাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রীলে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক তৌফিক হাসান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তিনি আত্নহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
