৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

হায়দরাবাদের স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ ফিরল

প্রতিদিনের ডেস্ক
স্বস্তি ফিরল মহেন্দ্র সিংহ ধোনি এবং প্যাট কামিন্সদের শিবিরে। বিদ্যুৎ ফিরল হায়দরাবাদের উপ্পাল স্টেডিয়ামে। স্টেডিয়ামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল বিলের টাকা না মেটানোয়। চিন্তামুক্ত হলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) কর্তারাও। খবর আনন্দবাজারের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের সংযোগ ফিরিয়ে দিল তেলঙ্গানার সরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা। তেলঙ্গানা স্টেট সার্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছিলেন, এইচসিএর বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫২১ টাকা। বারবার নোটিশ দেয়ার পরেও টাকা দেয়নি। গত ফেব্রুয়ারিতে নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে বকেয়া না মেটালে আইনানুগ ব্যবস্থার নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। তাতেও টনক নড়েনি এইচসিএ কর্তাদের। এর পর বৃহস্পতিবার উপ্পল স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন সরকারি সংস্থার কর্মীরা। স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ ফিরে এলেও কী ভাবে সমস্যার সমাধান হয়েছে, তা জানা যায়নি। বিলের বাকি থাকা প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা সরকারি সংস্থাকে মিটিয়ে দেওয়া হয়েছে কি না, তা জানাননি এইচসিএ সভাপতি। বিদ্যুতের বিল বাবদ এইচসিএ-র বকেয়া ছিল ৩ কোটি ৫ লাখ ১২ হাজার ৭৯০ টাকা। এর মধ্যে মূল বিলের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৬৯ টাকা। বাকি ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫২১ টাকা ছিল সার্জ চার্জ। করোনা অতিমারীর জন্য এই সার্জ চার্জের টাকা মকুব করার জন্য তেলেঙ্গানার সরকারি বিদ্যুৎ সংস্থাকে অনুরোধ করেছিল এইচসিএ। কিন্তু বিদ্যুৎ সংস্থার কর্তারা সেই অনুরোধ অনেক আগেই ফিরিয়ে দিয়েছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়