উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে মোঃ আব্দুল হাকিম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম জানান, মটর দিয়ে হাকিম পুকুরের পানি নিস্কাশনের কাজ করছিলেন। একপর্যায়ে মটরে দেয়া বিদ্যুৎ সংযোগের ত্রুটিযুক্ত তারে জড়িয়ে ঘরের মেঝেতে পড়ে মাথা ফেটে যায় তার। কয়েক মিনিট পরে তার স্ত্রী ও মা ঘরের মধ্যে ঢুকে মটরের তারে হাকিমকে জড়িয়ে থাকতে দেখে। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পিতা আব্দুস সোবহান জানান তিন বছরের এক কন্যার জনক ছিলেন তার ছেলে। প্রশাসনের অনুমতি নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

