খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মে (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা কমিটির আয়োজনে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সেমিনারের সার্বিক বিষয় উপস্থাপন করেন ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট ও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। বহিঃস্থ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর রিসার্চ, সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. এস এম নাবিল সাকিফ। অনুষ্ঠানে ইনোভেশন শোকেসিং এর দুটি গ্রুপের শ্রেষ্ঠ উদ্ভাবকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালক ও বিভাগীয় প্রধান এবং এপিএ’র বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করেন।

