প্রতিদিনের ডেস্ক॥
দেশের গুণী নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফা। মাহবুবা আকন্দও নজরুলের গান গেয়েই পরিচিতি পেয়েছেন। এই দুই শিল্পী এবার কণ্ঠ দিলেন একটি দেশাত্মবোধক গানে। গানটির শিরোনাম ‘মাটি যেখানে সুর শেখায়’। সমপ্রতি সুজিত মোস্তফার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর রচনা করেছেন কলকাতার উদয় বন্দ্যোপাধ্যায়। এতে বাজিয়েছেন কলকাতার গুণী সব মিউজিশিয়ান। রেকর্ডিং হয়েছে রেজোন্যান্স স্টুডিওতে। গানটির মাধ্যমে বাংলাদেশের রূপবৈচিত্র্যের বর্ণনা দেয়া হয়েছে। মাটি যেখানে সুর শেখায় ছন্দ নদীর ছলাৎ চলে/ যেখানে নীল আকাশ ভালোবাসার গল্প বলে- এমন কথার এ গানটি প্রসঙ্গে মাহবুবা আকন্দ বলেন, সুজিত মোস্তফা ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী।
তার সঙ্গে এর আগেও গেয়েছি। এবারের গানটি আমাদের দু’জনের জন্যই বিশেষ করে। গানটির মাধ্যমে আমরা লাল-সবুজের প্রিয় বাংলাদেশকে উপস্থাপন করেছি। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। এদিকে বাংলাদেশের ঘাস-সবুজ-ধান, ঐতিহ্য আর অপার সৌন্দর্য গানটির ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। এতে মডেল হয়েছে নিলয় ও আনফি সিনহা। শিল্পীর ভূমিকায় হাজির হয়েছেন সুজিত মোস্তফা ও মাহবুবা আকন্দ।
