বিগ বস বাংলা আনছেন প্রিন্স অব কলকাতা

প্রতিদিনের ডেস্ক:
২০১৬ সালে কালারস বাংলায় শেষ সম্প্রচারিত হয়েছিল বিগ বস বাংলা সিজন ২। সেই সময় সঞ্চালনার দায়িত্বে ছিলেন টালিউড সুপারস্টার জিৎ। তারও আগে ২০১৩ সালে বিগ বস বাংলার প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু ২০১৬ সালের পর প্রায় ১০ বছর কেটে গেলেও বিগ বস বাংলা আর ফিরে আসেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
হিন্দি বিগ বসের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে এবার বাংলাতেও আসতে চলেছে বিগ বস। সব থেকে বড় ও চর্চিত এ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে কে থাকবেন এতদিন তা নিয়ে চলছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর জল্পনা-কল্পনা। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিগ বস বাংলা সঞ্চালনা করতে প্রস্তুত সৌরভ গাঙ্গুলি।চলতি বছর রিয়ালিটি শোগুলোতে বড় রদবদল চলছে। এর মধ্যে ‘দাদাগিরি’ থেকে ‘রান্নাঘর’, ‘দিদি নম্বর ওয়ান’ সবখানেই পরিবর্তনের পালা চলছে। সবখানে সঞ্চালক পরিবর্তন হয়েছে। একদিকে যেমন ‘দাদাগিরি’র সঞ্চালনা করতে চলেছেন টালি সুপারস্টার দেব, ঠিক তেমনি বিগ বস বাংলার সঞ্চালনা নিজের কাঁধে তুলে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি স্টার জলসার তরফ থেকে সামাজিক মাধ্যমে বিগ বস বাংলার ফার্স্টলুক রিলিজ করা হয়, যেখানে ক্যাপশনে দেওয়া হয়— ‘ভারতবর্ষের সব থেকে বড় বিনোদন এবার বাংলায়।’ সঙ্গে দেখা গিয়েছিল, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে রাজকীয় কায়দায় হেঁটে আসছেন বাংলার দাদা। এবার দ্বিতীয় প্রমো প্রকাশ্যে নিয়ে এলো স্টার জলসা। বাংলার বাঘ সৌরভ গাঙ্গুলি ধীরে ধীরে এগিয়ে আছেন। সৌরভের ইতিহাসের সাক্ষী থেকেছে ইডেন গার্ডেন। এবার সঞ্চালনার সাক্ষী থাকবে গোটা বাংলা। নতুন রূপে নতুনভাবে দাদা ফিরতে চলেছেন ছোটপর্দায়।এ ভিডিওটি প্রকাশ্যে এনে স্টার জলসার তরফ থেকে ক্যাপশনে লেখা হয়— ‘বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির হাত ধরে আসছে বাংলার বিনোদনের বস— বিগ বস বাংলা।’ এতদিন সৌরভের দাদাগিরি দেখেছে বাংলার দর্শক। এবার দেখবেন বিগবসের মঞ্চে। তিনি কেমন ছক্কা হাঁকান, সেটা দেখার জন্য অপেক্ষা করে রয়েছে গোটা বাংলা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়