কালিয়া সংবাদদাতা
নড়াইলের কালিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। আহত সুলতান মোল্যাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ওই রাতেই আহতদের উদ্বার করে কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল মোল্যা এবং একই গ্রামের শরিফুল ইসলামের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে ইউপি সদস্য জামাল মোল্যার লোকজন সুলতান মোল্যাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। সুলতান মোল্যা মারা গেছে শুনার পর শরিফুল ইসলামের সমর্থকরা স্থানীয় তৈরি ঢাল,শড়কি,রাম দা,লাঠিসোটা নিয়ে ইউপি সদস্য জামাল মোল্যার লোকজনের সাথে সংর্ঘষে বেধেঁ যায়। এসময় সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ৮জন আহত হয়েছে। আহতদের উদ্বার করে কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।এদিকে হত্যাকান্ডের পর জামাল মোল্যার পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মঙ্গলবার সকালে জানান,দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের ঘটনায় সুলতান মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পরপরই খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে,তবে বর্তমান অবস্থা স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

