প্রতিদিনের ডেস্ক॥
জাপানের প্রযুক্তি কোম্পানি সনি ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৬ কোটি ৫৫ লাখ প্লেস্টেশন ফাইভ বিক্রি করেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় কনসোল বিক্রি কমেছে ১১ লাখ ইউনিট, তবে এবার সনির সফলতা এনেছে গেম বিক্রির কারণে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সনি গেম বিক্রি করেছে ৭ কোটি ৭৭ লাখ ইউনিট, যা বার্ষিক হিসাবে ১৪ দশমিক ৯ শতাংশ বেশি। খবর এনগ্যাজেট।
গেম ও কনসোল বিক্রির শক্তিশালী পারফরম্যান্সের ফলে গত প্রান্তিকে সনির আয় বেড়েছে ৯ শতাংশ। এছাড়া তাদের পরিচালন মুনাফা একই সময় বেড়েছে ৭৩ শতাংশ, যা চমকপ্রদ বলে উল্লেখ করেছে জাপানি কোম্পানিটি। সনি বছরের বাকি সময়ে তাদের বিক্রি নিয়েও আশাবাদী, ফলে তারা আয়ের পূর্বাভাসও কিছুটা বাড়িয়েছে।প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, সনির শক্তিশালী গেম বিক্রির একটি প্রধান কারণ হলো চীনের অ্যাকশন আরপিজি ব্ল্যাক মিথ: উকংয়ের সাফল্য। গেমটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (পিসি সংস্করণসহ) দুই কোটি ইউনিট বিক্রি হয়েছে। এছাড়া চীনা ভিডিও গেমটি গত আগস্টের উন্মোচনের মাত্র ৮৩ ঘণ্টার মধ্যে এক কোটি কপি বিক্রির রেকর্ড গড়ে, যা গেমিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দ্রুতগতিতে বিক্রির রেকর্ড। ওই সময় নির্মাতা প্রতিষ্ঠান গেম সায়েন্স এক্সে এ তথ্য জানায়। ডাটা ট্র্যাকার স্টিমডিবির তথ্যমতে, এর আগে দ্রুত জনপ্রিয় হওয়া সাইবারপাংক ও এল্ডেন রিংয়ের বিক্রিকেও ছাড়িয়ে যায় ব্ল্যাক মিথ। এছাড়া সনির জন্য গত প্রান্তিকে আরেকটি সফল গেম ছিল অ্যাস্ট্রো বট।
সনির অর্থবছর শেষ হতে এখনো দুটি প্রান্তিক বাকি। সামনে আরো কিছু বড় গেম মুক্তি পাবে, যেমন অ্যাসাসিনস ক্রিড শ্যাডো ও মনস্টার হান্টার ওয়াইল্ডস। ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া সনির অর্থবছর বেশ গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা প্রযুক্তিবিদদের। কারণ এ সময় গোস্ট অব ইয়োটেই, ডেথ স্ট্র্যান্ডিং ২, ডুম: দ্য ডার্ক এজেস ও গ্র্যান্ড থেফট অটো সিক্সের মতো অত্যন্ত জনপ্রিয় গেমগুলো রিলিজ হতে চলেছে।
উল্লেখ্য, সনির অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত চলে। উদাহরণস্বরূপ, অর্থবছর ২০২৪-এর মেয়াদ হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। তাই সনির দ্বিতীয় প্রান্তিক ধরা হয় জুলাই-সেপ্টেম্বর।

