রেজাউল করিম, লোহাগড়া
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বসুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে সুবাস বোসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে,গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি বর্ষন, বোমা নিক্ষেপ ও খুন করার উদ্দেশ্যে হামলা-মামলার ঘটনায় নড়াইল সদর থানায় গত ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার পিতা জেলা আওয়ামীলীগ নেতা গোলাম মোর্ত্তজা স্বপন জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোসসহ ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে সুবাস চন্দ্র বোস প্রথম আদালতে হাজিরা দিলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন না মঞ্জুর করে সুবাস বোসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে।

