নিজস্ব প্রতিবেদক॥
২৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির পক্ষ থেকে ভবদহ অঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানে লক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বেলা ১২ টায় সংগঠনের একটি মিছিল নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা অফিস চত্ত্বরে পৌঁছে পথসভা অনুষ্ঠিত হয়। চলমান পথসভার মধ্যে সংগঠনের থানা সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষকনেতা আবু সিদ্দিক, মনিরামপুর থানা কমিটির সভাপতি পরিতোষ দেবনাথ নির্বাহী কর্মকর্তার হাতে সংগঠনের দাবিসমূহ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা জহির সরকার ও মনিরামপুর থানা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা আশীষ গাইন প্রমুখ। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানের লক্ষে অবাধ জোঁয়ার-ভাটার বিকল্প কোনো পথ নেই। এ প্রেক্ষিতে ভবদহ রেগুলেটরসহ নদীর ওপরে নির্মিত সকল অপরিকল্পিত অবকাঠামো উচ্ছেদ, ওয়াপদা বাঁধ উচ্ছেদ করে জলাবদ্ধ বিলগুলিতে অবাধ জোঁয়ার-ভাটা সৃষ্টি করতে হবে। নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। নদ-নদী পরিকল্পিত উপায়ে খনন করতে হবে এবং খননকৃত পলি বিলের নিম্নাংশে ফেলতে হবে।

