১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর সরকারি মহিলা কলেজে বেগম রোকেয়া দিবস উদযাপন

খন্দকার রুবাইয়া
গতকাল বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে যশোর সরকারি মহিলা কলেজে অ্যাবাকাস সফট বিডি লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত হলো আইসিটি, বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক ফ্রি সেমিনার ও কুইজ প্রতিযোগিতা। উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন যশোর সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আইসিটি খাতে নারীদের ক্যারিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এসময় নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়ার উদ্যোম, সাহস ও প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাবার গল্প তুলে ধরে একইভাবে আইসিটি খাতে নারীদের অংশগ্রহণকে অনুপ্রাণিত করে সেশন পরিচালনা করেন অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের কো-চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি। ক্যারিয়ার সেমিনার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বেগম রোকেয়ার জীবনী ও আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হাসান ফারুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ এর ডেপুটি এডিটর প্রণব দাস এবং যশোর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দীপ্তি মিত্র। আলোচনা ও পুরস্কার বিতরণী পর্বে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বেগম রোকেয়ার জীবনী আলোকপাত করে বর্তমান সময়ের নারী জাগরণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বেগম রোকেয়ার আদর্শকে ধারণ ও লালন করে উপস্থিত শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জনের পথে এগিয়ে যাবার জন্য অনুপ্রাণিত করেন। এক্ষেত্রে পাঠ্যপুস্তক ভিত্তিক পড়াশোনার বাইরে সৃজনশীল জ্ঞান চর্চা, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। অতিথিবৃন্দের আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন নুজহাত এবং তৃতীয় স্থান অধিকার করেন লাজিনা তাহসিন। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়