প্রতিদিনের ডেস্ক॥
চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর একটি গরুকে দৌড়াতে দেখা গেছে। এদিকে বঙ্গবন্ধু টানেলে গরুর দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হওয়ার সময় গরুবোঝাই ট্রাক থেকে একটি গরু লাফ দিয়ে নেমে পড়ে। গরুটি টানেলের ভেতর দৌড়াতে থাকে। পরে নিরাপত্তা কর্মীরা গরুটিকে আটক করে গাড়িতে তুলে দেয়। এ সময় পাশ দিয়ে যাওয়া গাড়ি থেকে অনেকেই সেই দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে সেটি ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তারা টানেল হয়ে পার হওয়ার সময় দেখেন একটা গরু টানেলের ভেতর দৌঁড়াচ্ছে। এসময় যান চলাচলরতরা খানিকটা বেকায়দায় পড়েন। এছাড়া গরুটি যাতে আহত না হয় গাড়িগুলো গতি কমিয়ে আনে। এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজার কর্মকর্তা বেলালুর রহমান বলেন, ‘টানেলে গরু প্রবেশের কোনো সুযোগ নেই। শুক্রবার রাতে গরুবাহী একটি পিকাপ থেকে একটা গরু লাফিয়ে নেমে যায়। পরে দ্রুত নিরাপত্তাকর্মীরা গরুটিকে আটকে আবার গাড়িতে তুলে।’ এর আগে, টানেলে গরুবোঝাই গাড়ি নিয়েও সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল। তবে টানেল কর্তৃপক্ষ বলছে, টানেল দিয়ে ট্রাকে বা পিকাপে করে গরু পার হতে কোনো বাধ্যবাধকতা নেই।

