প্রতিদিনের ডেস্ক॥
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আগামী ৭ই ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন। সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ। পরিচালক বদিউল আলম খোকন বলেন, জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসেবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি সবার ভালো লাগবে। ‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।
