৮৪ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি অর্জন

প্রতিদিনের ডেস্ক
জীবনের প্রতিটি অধ্যায় যেন নতুন করে লেখা যায়, যদি ইচ্ছাশক্তি বেঁচে থাকে। সেই সত্যের এক অনন্য উদাহরণ মিশরের আমাল ইসমাইল। মিশরের এক অজপাড়াগাঁয়ে জন্ম তার। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই-খাতা, সে বয়সেই কেড়ে নেওয়া হয় বিদ্যালয়ের বেঞ্চ। শৈশবের স্বপ্নগুলোকে বিদায় জানিয়ে অল্প বয়সেই পা রাখতে হয় সংসারের কঠিন বাস্তবতায়। দু’দুবার ক্যান্সারের মতো মরণব্যাধি তার শরীরে আঘাত হানে। কিন্তু প্রতিবারই তিনি অসুস্থতাকে পরাজিত করে ফিরে আসেন। যেন জীবনকে নীরবে বলে দেন ‘আমার পথচলা এখনো শেষ হয়নি।’ সময় গড়ায়। বয়স ছুঁয়ে ফেলে ৭০। যখন অধিকাংশ মানুষ জীবনকে বিশ্রামের দিকে নিয়ে যান, তখন তার মেয়ে ও নাতি-নাতনিরা নতুন করে তার স্বপ্নকে জাগিয়ে তোলেন। তাদের অনুপ্রেরণায় তিনি আবারও শিক্ষার পথে ফিরে আসেন। উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর ভর্তি হন মানসুরা বিশ্ববিদ্যালয়ের আর্টস অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে। সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর শুরু হয় গবেষণার দীর্ঘ যাত্রা। অবশেষে ৮৪ বছর বয়সে, যে বয়সে অনেকের হাত কলম ধরতেও কাঁপে, সেই বয়সেই তিনি গবেষণার দীর্ঘ সাধনা শেষে প্রথম শ্রেণির সম্মানসহ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়