উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাঈদ মেহেদীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। ২৭শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের কার্তিক দাসের সেলুনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহম্মেদের ছেলে সাঈদ মেহেদী (৪৯)।জানা যায়, সাঈদ মেহেদী দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলার কার্তিকের সেলুনির দোকানে চুল দাঁড়ি কেটে থাকে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চুল দাঁড়ি কাটার জন্য শ্যামনগরে আসেন। এবং সেখান থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে। সেলুনের মালিক কার্তিক দাস বলেন, সন্ধ্যার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান তার দোকানে দাঁড়ি কাটাতে আসেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

