প্রতিদিনের ডেস্ক॥
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় নাজমুল হাসান শান্তদের টুর্নামেন্ট শেষ। তবে খেলার দিক থেকে সম্পর্ক শেষ হলেও হিসাব বাকি রয়েছে এখনো। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সমান ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপের ৩ নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। কিন্তু পকেটভারীর হিসাব এখনো শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি জানিয়ে দিয়েছে, পারফরম্যান্স অনুযায়ী কোন দল কত টাকা পাবে। অর্থের ভাগ থেকে কেউই বাদ যাবে না। এমনকি টুর্নামেন্টে জয় না পাওয়া দলও। সেদিক থেকে সব মিলিয়ে বাংলাদেশ কত নম্বর হয়ে শেষ করবে তা এখনো নির্ধারিত হয়নি। এখন পর্যন্ত একটি দলই পয়েন্ট পায়নি। সেই দল হচ্ছে ইংল্যান্ড। গতকাল আফগানিস্তানের কাছে হারায় বাংলাদেশ-পাকিস্তানের মতো টুর্নামেন্ট শেষ হয়েছে ইংল্যান্ডেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের শেষ ম্যাচ ১ মার্চ। করাচির সেই ম্যাচ শেষেই টাকার ভাগ-বাটোয়ারার হিসাবটা অনেকটা চূড়ান্ত হবে। বিশেষ করে বাংলাদেশের হিসাব চূড়ান্ত হবে। সেদিনই এবারের চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতি ঘটবে। ইংল্যান্ড জিতলে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ বা পঞ্চম দল হওয়ার সুযোগ থাকবে। তখন বাংলাদেশ সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করবে। এতে পাকিস্তান হবে অষ্টম দল। তখন দুই দলের পকেটে সমানভাবে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা ঢুকবে। সঙ্গে টুর্নামেন্টে সুযোগ পাওয়ায় আরো ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা যোগ হবে। সব মিলিয়ে ৩ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকা পাবে বাংলাদেশ। আর শেষ ম্যাচে যদি ইংল্যান্ড পরাজিত হয় তাহলে বাংলাদেশের পকেটে অর্থ আরো বেশি ঢুকবে। কোনো ম্যাচে জয় না পাওয়ায় অষ্টম দল হবে ইংল্যান্ড। তখন বাংলাদেশ ষষ্ঠ হবে। এতে পঞ্চম ও ষষ্ঠ দলের জন্য প্রাইজ মানি হিসেবে বরাদ্দ ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকার সঙ্গে যুক্ত হবে অংশগ্রহণ ফির ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে ৫ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকা। তাই অর্থের দিক থেকে চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে সম্পর্ক শেষ হয়নি বাংলাদেশের। আগামী ১ মার্চ সব হিসাব-নিকাশ চুকে যাবে।

