উৎপল মণ্ডল, শ্যামনগর
সুন্দরবনে খালের পাশের একটি গাছ থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশের একটি গাছ থেকে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধা করে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ ও তার সঙ্গী রহমান গাজী। উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেন না। তবে তিনি বলেন, তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার বাড়ি খুলনায়, তার ছেলের নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী। জেলে আলমগীর খাঁ বলেন, সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে একজনকে বসে থাকতে দেখতে পাই। গিয়ে দেখি একজন বয়স্ক নারী। এখানে কীভাবে এলেন জানতে চাইলে, তখন তিনি কিছু বলতে পারিনি। তাই তাকে গাছ থেকে নামিয়ে আমাদের সাথে বাড়িতে নিয়ে আসি এবং চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে তিনি আমার বাড়িতে আছেন। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমি শুনেছি দুইজন জেলে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে তিনি বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

