১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সকাল আনুমানিক ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো যশোরেও সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা। যশোর নার্সিং ইনস্টিটিউটের অধীনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়—যশোর মেডিকেল কলেজ এবং ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। সকাল থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব সভাপতির দায়িত্ব পালন করেন। নার্সিং ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর ও ইনচার্জ আর্জিনা খাতুন সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিংয়ের মাধ্যমে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে একটি সুসংগঠিত টিম পরীক্ষার সার্বিক তদারকি করেন। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সহযোগিতায় ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে জানান, এমন সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ বিষয়ে অধ্যাপক ডাঃ আহসান হাবীব বলেন, ‘আমরা চেষ্টা করেছি যাতে প্রতিটি পরীক্ষার্থী নির্ভার পরিবেশে পরীক্ষা দিতে পারে। আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।’ প্রসঙ্গত, দেশের স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ এই নার্সিং শিক্ষা কার্যক্রমে প্রতিবছর হাজারো শিক্ষার্থী অংশ নেয়। এই বছরও যশোর জেলায় বিপুলসংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়