রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যাকে (৪০) হত্যার ঘটনায় বিএনপির নেতাসহ ৩৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলার ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শরিফুল ইসলাম জানান, খাজা মোল্যা হত্যা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলার ১৭ ও ২৭ নম্বর এজাহার নামীয় আসামি শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দু’জনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে আটক করা হয়। পরে ওই দুই আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের সদস্য (মেম্বার) শাহাদুল শেখের সাথে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের বিরোধ চলে আসছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতা পলাশ শেখ সমর্থিত লোকজন শাহাদুল মেম্বার সমর্থিত লোকজনের জমি দখল, গাছ কাটা, জমির ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ তোলে কয়েক দফায়। এ নিয়ে গত বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যাকে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

