নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বিরামপুরে অবস্থিত শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল, যশোর-এর আয়োজনে একটি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল-এর উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাদক কেবল ব্যক্তিকেই নয়, একটি পরিবার, এমনকি সমাজকেও ধ্বংস করে দেয়।” তিনি মাদকের ভয়াবহতা, সামাজিক ও ব্যক্তিগত জীবনে এর কুফল এবং সচেতন নাগরিক হিসেবে করণীয় বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকরা জানান, এমন সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে এবং তাদের ভবিষ্যৎকে সুস্থ ও নিরাপদ রাখতে ভূমিকা রাখবে।
