রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় এক মাংস ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাবসায়ী সাহেব শেখ (৩৫) সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকদের মধ্যে বাঘ-বিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরের দিকে সাহেব শেখ লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার থেকে এড়েন্দার যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

