প্রতিদিনের ডেস্ক॥
ভালো ছবির জন্য দামি ক্যামেরা বা প্রিমিয়াম অ্যাপ আবশ্যক নয়। যারা স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য কিছু ফ্রি অ্যাপই যথেষ্ট।ভালো ছবির জন্য দামি ক্যামেরা বা প্রিমিয়াম অ্যাপ আবশ্যক নয়। যারা স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য কিছু ফ্রি অ্যাপই যথেষ্ট। ছবি তোলা ও সেগুলো সম্পাদনা করা—দুই কাজেই এগুলো বেশ কাজের। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব অবলম্বনে স্মার্টফোন ফটোগ্রাফির মান উন্নত করতে সহায়ক কয়েকটি অ্যাপ সম্পর্কে তুলে ধরা হলো—
স্ন্যাপসিড: স্ন্যাপসিড গুগলের তৈরি একটি শক্তিশালী ছবি সম্পাদনার অ্যাপ। এটি ব্যবহার করা সহজ এবং এতে আছে তিনটি প্রধান বিভাগ—লুকস, টুলস ও এক্সপোর্ট। লুকস বিভাগে রয়েছে নানা রকম ফিল্টার, যেগুলো এক ক্লিকে ছবিতে যোগ করা যায়। টুলস বিভাগে আছে হিলিং, কার্ভ, সিলেক্টিভ অ্যাডজাস্টমেন্ট ও ডাবল এক্সপোজারসহ আরো উন্নত টুল। এ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নন-ডেস্ট্রাকটিভ এডিটিং সাপোর্ট করে। অর্থাৎ যেকোনো স্তরের সম্পাদনা মূল ছবি ক্ষতিগ্রস্ত না করেই পরিবর্তন বা বাতিল করা সম্ভব। এক্সপোর্টের মাধ্যমে চূড়ান্ত ছবি পাওয়া যায়।
অ্যাডোবি লাইটরুম মোবাইল: অ্যাডোবি লাইটরুম মোবাইলের ফ্রি ভার্সনেও রয়েছে পেশাদার মানের বিভিন্ন ফিচার। এক্সপোজার, কালার কন্ট্রোল ও ইমেজ ডিটেইল বাড়ানোর মতো টুল এতে রয়েছে। লাইটরুমের সবচেয়ে বড় সুবিধা হলো এর থেকে গোছানো ও নির্ভুল কাজের অভিজ্ঞতা পাওয়া যায়, যা মনোযোগী ফটোগ্রাফারদের জন্য গুরুত্বপূর্ণ। এতে অটো এডিট, ফিল্টার ও লেন্স কারেকশন টুলও রয়েছে।
ওপেন ক্যামেরা: বাজেট ফোন কিংবা পুরনো ফোনের ক্যামেরা হার্ডওয়্যার অনেক সময়ই পুরোপুরি কাজে লাগে না। ওপেন ক্যামেরা অ্যাপের মাধ্যমে ফোনের ক্যামেরায় ম্যানুয়ালি আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স ও এক্সপোজার নিয়ন্ত্রণ করা যায়। এমনকি অনেক ফোনে ‘র’ মোডে ছবিও তোলা যায়। রাতের ছবি তুলতে এর এক্স নাইট মোড বেশ কার্যকর, যেখানে লং এক্সপোজার ও অ্যালগরিদমের মাধ্যমে পরিষ্কার ছবি পাওয়া যায়।
প্রোক্যাম এক্স: ওপেন ক্যামেরার মতোই কাজ করে প্রোক্যাম এক্স। তবে এর ইন্টারফেস আরো সহজ ও ব্যবহার করতে ঝামেলা কম। এতে র শুটিং, আইএসও কন্ট্রোল, ম্যানুয়াল ফোকাস ও এক্সপোজার ব্র্যাকেটিংয়ের মতো সুবিধা রয়েছে। এটি নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী। তবে সীমাবদ্ধতা হলো—এতে সর্বোচ্চ ১০ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তোলা যায়।
হুজি ক্যাম: যারা ভিনটেজ বা পুরনো দিনের ছবির আবহ পছন্দ করেন, তাদের জন্য হুজি ক্যাম একটি দারুণ অ্যাপ। এটি নব্বইয়ের দশকের ডিসপোজেবল ক্যামেরার মতো ফটো ইফেক্ট তৈরি করে, যেখানে গ্রেইন, লাইট লিকস ও কালার শিফট যুক্ত থাকে। অ্যাপটি নিজে থেকেই ছবি প্রসেস করে। তাই আলাদা করে সম্পাদনার প্রয়োজন হয় না।
ওল্ডরোল: হুজি ক্যামের তুলনায় বেশি ফিচার পেতে চাইলে ওল্ডরোল ব্যবহার করা যেতে পারে। এতে ক্ল্যাসিক এম ও পোলারয়েড স্টাইলের ক্যামেরাসহ বিভিন্ন ফিল্ম টাইপ, ব্যাকড্রপ ও ফ্রেম সাইজ বেছে নেয়ার সুযোগ রয়েছে। এছাড়া এতে রয়েছে কোলাজ এডিটর, ফেস রিটাচ ও লেন্স ফিল্টার সুবিধাও।

