প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে ইসরায়েলের কনসাল জেনারেল নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।নেতানিয়াহু সোমবার (৭ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।তার এই সফরের আগে ইসরায়েলের যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দরসহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছে রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজও।জাহাজটি দুই বছর আগে ছিনতাই হয়েছিল।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা। সোমবার (৭ জুলাই) ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আসন্ন বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এ হামলা চালানো হয়।
‘চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা আছে
প্রতিদিনের ডেস্ক॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। এদিকে রোববার গাজা উপত্যকায় আরও কমপক্ষে ৮২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিহতদের মধ্যে ১০ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিল। ত্রাণ সংগ্রহ করতে আসা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ জুলাই) এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।
ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৪১৮ জন নিহত এবং এক লাখ ৩৬ হাজার ২৬১ জন আহত হয়েছেন।

