আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রোজার আগে নির্বাচন হতে পারে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এমন ঘোষণার পর দেশে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে নির্বাচনী উৎসবকে উপভোগ করার জন্য। সম্ভাব্য প্রার্থীরা গণযোগাযোগ শুরু করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোও প্রার্থী বাছাই, জোট গঠনসহ নির্বাচনকে উপলক্ষ করে নানা রকম কর্মকাণ্ড শুরু করে দিয়েছে।
কিন্তু একই সঙ্গে নির্বাচন নিয়ে ধোঁয়াশা বা অস্পষ্টতাও প্রবল হচ্ছে। এর কারণ নির্বাচনের সময়, সংস্কার, বিচার ও আরো কিছু বিষয় নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিভেদ বা মতভেদ ক্রমেই প্রবল হচ্ছে।
গত শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? কী নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আগে পরিবেশ তৈরি করতে হবে।’ অন্যদিকে কোনো কোনো দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করছে।কোনো কোনো দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন, এমনকি উপদেষ্টা পরিষদও পুনর্গঠনের দাবি করছে কেউ কেউ। ফলে বিশেষজ্ঞদের ধারণা, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা এখনো একটি অনিশ্চিত বিষয়।
গত শুক্রবার রংপুরের জনসভায় জামায়াতের আমির বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার অপরিহার্য।
আমরা সেই সংস্কারের দাবিতে কথা বলেছি এবং এগুলো আদায় করব। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচনও আদায় করব।’ তিনি বলেন, ‘কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আদলে নির্বাচনের স্বপ্ন দেখে, আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। কোনো মাস্তানতন্ত্র বা কালো টাকার খেলা চলতে দেওয়া হবে না। প্রশাসনিক ক্যুও হতে দেওয়া হবে না।
’ অন্যদিকে বিএনপিসহ বেশির ভাগ দল ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন ঘোষণা দিলে তারা তা মেনে নেয়। কিন্তু এখন সেই সময়ও অনিশ্চিত হয়ে পড়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা ও বিভেদ বাড়ছে।
বিএনপি ও সমমনা দলগুলো বলছে, নির্বাচন পিছিয়ে দিয়ে অনির্বাচিত সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার অপচেষ্টা চলছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলা তেমনই একটি অপচেষ্টা। এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। ভোট ডাকাতির সুযোগ থাকবে না বলেই কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনকে ভয় পায়।’ এসব কারণে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ক্রমেই বিভেদ বাড়ছে। একই সঙ্গে নির্বাচন নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উভয়েই জাতীয় স্বার্থে ‘ঐক্যের’ আহবান জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক থাকার কথা বলেছেন।
গণ-অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা মানুষের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। সেই প্রত্যাশা পূরণের পথেই আমাদের এগিয়ে যেতে হবে। অনির্দিষ্টকাল ধরে দেশ অনির্বাচিত সরকারের অধীনে থাকা কোনোভাবেই কাম্য নয়।

