প্রতিদিনের ডেস্ক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে। এবারর পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এবার এক বিষয়ে ২৪ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী ফেল করেছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত ফলাফলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২০২১ সালের পরীক্ষায় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন অংশ নিয়ে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। ২০২২ সালের পরীক্ষায় ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন অংশ নিয়ে ১ লাখ ৩০ হাজার ১৩ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
২০২৩ সালের পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন অংশ নিয়ে ১ লাখ ২০ হাজার ৮৬ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। ২০২৪ সালের পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ২৪ জন অংশ নিয়ে ১ লাখ ২০ হাজার ৮৭ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।
আর চলতি বছর ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন অংশ নিয়ে ১ লাখ ১ হাজার ১৮১ জন পাস করে। এ বছর পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ।

