প্রতিদিনের ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে (এআই) আরো এক ধাপ এগিয়ে গেল মেটা। এবার প্রতিষ্ঠানটি ভয়েস প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ‘প্লে এআই’ অধিগ্রহণ করেছে।ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র এ অধিগ্রহণের খবরটি নিশ্চিত করেছেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, মেটার একটি অভ্যন্তরীণ মেমোতে উল্লেখ করা হয়েছে প্লে এআইয়ের পুরো দল আগামী সপ্তাহে মেটাতে যোগ দেবে। খবর টেকক্রাঞ্চ
মেমোতে আরো বলা হয়েছে, প্লে এআই স্বাভাবিক ভয়েস তৈরি ও সহজে ভয়েস তৈরির প্লাটফর্ম হিসেবে তাদের জন্য দারুণ উপযোগী। এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এআই ক্যারেক্টার, মেটা এআই, ওয়্যারেবল ডিভাইস ও অডিও কনটেন্ট তৈরি।এআই খাতে মেটা বড় ধরনের বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি ওপেনএআই থেকে অভিজ্ঞ গবেষক নিয়োগ করেছে এবং ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইয়ের সঙ্গে একটি চুক্তিও করেছে। ওই চুক্তির আওতায় স্কেল এআইয়ের সিইও আলেকজান্ডার ওয়াং মেটার একটি নতুন দল পরিচালনার দায়িত্ব নিয়েছেন, যারা ‘সুপারইনটেলিজেন্স’ নিয়ে কাজ করবে।
তবে এ অধিগ্রহণের আর্থিক শর্তাবলি সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। এর আগেই ব্লুমবার্গ জানিয়েছিল, মেটা ও প্লে এআইয়ের মধ্যে অধিগ্রহণ আলোচনা চলমান।
বিশেষজ্ঞদের মতে, এ প্রযুক্তি ভবিষ্যতে মেটার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট গ্লাস, এআর হেডসেটসহ নানা পণ্য আরো স্বাভাবিক ও ব্যবহারবান্ধব করতে সহায়তা করবে।মেটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্স ঘিরে নিজেদের নতুনভাবে গড়ে তুলছে। এজন্য প্লে এআইয়ের মতো প্রযুক্তি কোম্পানিগুলোর অধিগ্রহণ ভবিষ্যৎ প্রস্তুতির একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

