২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভ্রমণ পরিকল্পনায় এআইয়ে ভরসা সৌদি নাগরিকদের

প্রতিদিনের ডেস্ক
সৌদি আরবের পর্যটকরা এখন ভ্রমণ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সৌদির ৮৭ শতাংশ ভ্রমণকারী তাদের ছুটি পরিকল্পনা ও পরিচালনার কাজে জেনারেটিভ এআই টুল যেমন চ্যাটজিপিটি ও জেমিনি ব্যবহার করছেন। খবর আরব নিউজগ্লোবাল কনজিউমার ইনসাইটস সংস্থা টোলুনা পরিচালিত জরিপ অনুযায়ী, সৌদি ভ্রমণকারীদের ৪৬ শতাংশ এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে গন্তব্যস্থলে করণীয় খুঁজে বের করছেন। অন্যদিকে ৪৩ শতাংশ নাগরিক এটি ব্যবহার করছেন ভাষা অনুবাদের জন্য।জুনে গুগল ও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রাপ্তবয়স্কদের ৮০ শতাংশ এআই ব্যবহার করছেন, যার মধ্যে প্রতি তিনজনের একজন নিয়মিত এসব প্রযুক্তি ব্যবহার করেন। নর্থ ক্যারোলাইনার ইয়ন ইউনিভার্সিটি পরিচালিত এক গবেষণা অনুসারে, যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ছিল ৫২ শতাংশ।টোলুনার মধ্যপ্রাচ্য, তুরস্ক ও আফ্রিকার এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট পরিচালক জর্জ আক্কাউই বলেন, ‘এআই এখন শুধু তরুণদের নয়, সব বয়সীর জন্যই নির্ভরযোগ্য ভ্রমণসঙ্গী হয়ে উঠেছে।’জরিপে আরো দেখা গেছে, ৪৩ শতাংশ সৌদি পর্যটক সেরা অফারগুলো খুঁজতে এআই ব্যবহার করেন, ৩১ শতাংশ ভ্রমণসূচি ঠিক করতে এবং ৩৮ শতাংশ রেস্টুরেন্ট খুঁজতে এআইয়ের সহায়তা নেন।
আক্কাউই জানান, শুধু তরুণরাই নয়, ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যেও ৪০ শতাংশের বেশি মানুষ ভ্রমণ পরিকল্পনায় এআই ব্যবহার করছেন। মাত্র ১৫ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তারা ভ্রমণে এআই ব্যবহার করেন না।এ পরিসংখ্যান থেকে বলা যায়, এআই এখন আর কেবল প্রযুক্তিপ্রেমীদের জন্য সীমিত নয়, এটি এখন মূলধারার একটি প্রযুক্তি, যা ভ্রমণের ধারা পাল্টে দিচ্ছে।
সৌদি আরব এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে তাদের জ্বালানি তেল বহির্ভূত অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে গ্রহণ করেছে। চলতি বছর প্রকাশিত গ্লোবাল এআই কম্পিটিটিভনেস ইনডেক্সে গবেষণায় ২৯ হাজার ৬৩৯টি প্রকাশনার মাধ্যমে সৌদি ১৫তম অবস্থানে রয়েছে।
২০২৪ সালে গুগলের সঙ্গে যৌথভাবে ‘প্রজেক্ট ট্রান্সসেনডেন্স’ নামে ১০০ বিলিয়ন ডলারের একটি প্রকল্প চালু করেছে সৌদি সরকারি বিনিয়োগ তহবিল। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রযুক্তি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়