নিজস্ব প্রতিবেদক॥
যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত স্বামীর গায়ে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়েছেন স্ত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের হারিয়াদারা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে স্ত্রী শামীমা খাতুন (৩৬ এ ঘটনা ঘটিয়েছেন। দগ্ধ ব্যক্তির নাম হাসানুল কবির (৪৭)। তিনি হারিয়াদারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার পর আহত হাসানুল কবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ হাসানুল কবিরের মেয়ে জানান-তিনি এবার এইচএসপি পরীক্ষা দিচ্ছেন। বাপের বাড়ি নানী বাড়ির কাছে। প্রায়ই আব্বু-আম্মুর সাথে ঝগড়া বিবাদ হয়। আজও হয়েছিল। বাক-বিতন্ডার পর আব্বু ঘুমাচ্ছিলেন। এ সময় আম্মু রাগের মাথায় রান্না ভাতের গরম পানি গায়ে ঢেলে দেন। এতে আব্বুর শরীর ঝলসে গেছে। অপর কয়েকটি সূত্রের দাবি-তাদের প্রেমের বিয়ে ছিল। যেকারণে হাসানুল হকের পরিবার মেনে নেয়নি। সেই থেকে শ্বশুরবাড়ির পাশে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন। তাদের দাম্পত্য জীবনে ছেলে-মেয়ে হয়েছে। বড় ছেলে বিদেশে থাকে। এক মেয়ের বিয়ে হয়েছে। তিনি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। দাম্পত্য জীবনের প্রথমদিকে হাসানুল কবির চাকরি করতেন। পরবর্তীতে অবসরে আসেন। সম্প্রতি তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সেইসব কারণে একে অপরকে সহ্য করতে পারতেন না। ক্ষোভে দুঃখে স্ত্রী শামীমা খাতুন এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

