১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে নবজাতকের মৃত্যুকে ঘিরে আদ্ দ্বীন হাসপাতালে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেল রোড সংলগ্ন আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না পাওয়ায় নবজাতকের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর স্বাস্থ্যের অবনতির কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জের পশ্চিম কাজলাপাড়ার মনির হোসেন (২৮) স্ত্রী সুফিয়াকে প্রসবের জন্য বুধবার হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। জন্মের কিছুক্ষণ পর নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে শিশু আদ্ দ্বীন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এসময় পরিবারের সদস্যরা মৃত্যুর সঠিক কারণ জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ‘শিশুর শারীরিক অবনতি’র কথা উল্লেখ করে। তবে সন্তোষজনক জবাব না পেয়ে স্বজনরা ক্ষোভ প্রকাশ করে এবং হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, নবজাতকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সঠিক তদন্ত হওয়া জরুরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়